লাতিন আমেরিকার সাহিত্য: জাদু-বাস্তববাদ, মার্কেজ় ও গ্যালেয়ানো
- আরণ্যক
তৃতীয় বিশ্বের¹ দেশগুলির সকলকেই যে মহান সাম্রাজ্যবাদী বদ্দার দাদাগিরি সহ্য করতে হয় তা আমরা সকলেই অবগত। তার ঘাড়ের নিঃশ্বাসে বেড়ে ওঠা লাতিন আমেরিকার শিল্প-সাহিত্য স্বভাবতই ঘরের খবর সবচেয়ে ভালো জানে। মূলবাসী² সংস্কৃতির কণ্ঠরোধ করে কলোনিয়াল ভাষা (প্রধানত স্প্যানিশ)দের হেজিমনিকে হজম করেও তাই তাদের সাহিত্য দুই দুনিয়ার প্যারাডাইমকে বর্জন করে বারবার সচেতন হয়ে উঠেছে স্বতন্ত্র ক্রান্তিকারী ভাষ্যে। কাব্যে যেমন পাবলো নেরুদা যুদ্ধবীভৎসার বিরুদ্ধে কলম ধরেছেন, একইভাবে আইয়েন্দে সরকারের সমাজতন্ত্রী দর্শনে উদ্বুদ্ধ সংস্কৃতিকর্মী ভিক্তর হারাকে স্টেডিয়ামে খুন করে পিনোচেতের অভ্যুত্থানবাহিনী³। সাহিত্যে, সিনেমায়, চিত্রায়ণে, গানে স্বভাবতই বারবার রোমন্থিত হয়েছে পেরু, চিলি, নিকারাগুয়া, গুয়াতেমালার রক্তাক্ত ইতিহাস। ভিওলেতা পার্রা থেকে ইন্তি ইয়িমানিরা⁴ যেমন জনসমাজে তাঁদের শিকড় ও রক্তক্ষরণের ইতিহাস সম্পর্কে সচেতন করে তুলেছেন, তেমনি সম্পূর্ণ নতুন নন্দনতাত্ত্বিক ন্যারেটিভ নির্মিতির ধারার জন্ম লুই বর্হেস, আলেহা কার্পেন্তিয়ের, গাব্রিয়েল গার্সা মার্কেজ়, এদুয়ার্দো গ্যালেয়ানো, ইসাবেল আইয়েন্দেরা। আমাদের আলোচিতব্য মার্কেজ় ও গ্যালেয়ানো।
ক) গাব্রিয়েল গার্সা মার্কেজ়:
মার্কেজ়ের প্রথম পর্বের জীবন অতিবাহিত হয়েছে অবসরপ্রাপ্ত রক্ষণশীল কর্নেল দাদু ও কুসংস্কারাচ্ছন্ন দিদিমার মুখে গুল্প শুনে। দিদার মুখে লোককথা, কুসংস্কার, ভূত-প্রেতের গল্পগাছা শুনে বড় হয়ে ওঠা সাংবাদিক মার্কেজ় দেশ-বিদেশের বিভিন্ন খবর সম্পর্কেও ক্রমশ সচেতন হয়ে উঠতে শুরু করেন। পাশাপাশি আর্নেস্ট হেমিংওয়ে⁵, গ্যুন্টার গ্রাস, ফ্রান্জ় কাফকা, লুই বোর্হেজ়ের শৈলীকে আত্মঃস্থ করতে করতে হঠাৎই এক পারিবারিক ভ্রমণের দিন স্টিয়ারিং ঘুরিয়ে ফিরে আসেন বাড়িতে। স্ত্রীকে কয়েকদিন সাংসারিক সমস্যাদির দেখাশোনা করার অনুরোধ জানিয়ে নিমগ্ন হন বছরখানেকের জন্য তার লেখার কাজে, কয়েকদিন পর পৃথিবী যাকে মানব ইতিহাসের (তর্কসাপেক্ষ) শ্রেষ্ঠতম উপন্যাস অভিধার অর্ঘ্য অর্পণ করবে⁶। 'জাদু-বাস্তববাদ'-এর প্রয়োগ বা নির্মাণ যে পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিমানুষ পৃথকভাবে শুরু করেছেন তাতে আপত্তির কোনও অবকাশ নেই। কিন্তু মার্কেজ় "নিঃসঙ্গতার একশ বছর" রচনার পর এটা বলাও হয়ত অত্যুক্তি হবে না যে, বিশ্ব দরবারে 'জাদু-বাস্তব'কে লাতিন আমেরিকার অস্তিত্বের সঙ্গে সমার্থক করার কৃতিত্ব তিনিই দাবী করে উঠতে পারেন দিব্যি। তাঁর "নীল কুকুরের চোখ"⁷,"স্বপ্ন ফিরি করি"তে যেমন স্বপ্নও বাস্তবের অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। তেমনি "বিশাল ডানাওয়ালা থুত্থুড়ে বুড়ো"⁸তে "জাদু-বাস্তব" বাস্তবতাকে আরও বিশেষিত করে আরও (!) বাস্তব হয়ে উঠেছে। অপ্রাকৃতও যে অতিবাস্তবরূপে বহাল তবিয়তে ধরা দিতে পারে তা শুধু উপলব্ধিই করেননি বরং প্রকাশের স্বাধীনতায় জীবনের গূঢ় সত্যগুলিকে ফুটিয়ে তোলার অনন্য আশ্রয় হিসেবে জাদু-বাস্তববাদকে প্রয়োগ করেছেন। কখনও ইনসোমনিয়াক মাটিখেঁকো রেবেকার বেড়ালের মতো জ্বলজ্বল চোখে, কখনও মাকোন্দাগতার ব্যাগে পূর্বপুরুষের হাড়ের ঝনঝন শব্দে⁹ বারবার ভেসে উঠেছে তাঁর দিদিমার মুখ আর লাতিন আমেরিকার শিকড়।
২) এদুয়ার্দো গ্যালেয়ানো:
আপামর লাতিন আমেরিকার সাহিত্যকে এক বন্ধনে আবদ্ধ করবার সামর্থ্য বিশ্বে সবার থাকে না। কিন্তু এদুয়ার্দো বোধহয় তা পারতেন। হয়ত সেই কারণেই "লাতিন আমেরিকার উন্মুক্ত শিরা"¹⁰ সারা আমেরিকা (দুই মহাদেশ)এর অবশ্যপাঠ্য হয়ে ওঠে। 'Monthly Review Press' থেকে জানানো হয়, "...perhaps the finest description of the primary accumulation of capital since Marx."¹¹ প্রকৃতার্থেই গ্যালেয়ানো 'জাদুবাস্তববাদ' ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন (মজাচ্ছলে যাঁর নাম তিনি রেখেছেন
জাদু-মার্ক্সবাদ [Magic marxism]¹²)। "Memoria del fuego", "El fútbol a sol y sombra", "Espejos" ও "Los hijos de los dias" (যথাক্রমে "Memory of fire", "Football (soccer) in sun and shadow", "Mirrors: Stories of Almost Everyone", "Children of the Days: A Calender of Human History" নামে ইংরেজীতে অনূদিত) বইগুলিতে বারবার মার্ক্সীয় দর্শনে জারিত বাস্তববোধ প্রস্ফুটিত হয়েছে তাঁর অনন্য জাদুবাস্তব শৈলীতে। সারা বিশ্বের লোককথা, শিল্পকথা, মানুষের কথা, শ্রেণিসংগ্রামের কথা, প্রান্তিক মানুষের বঞ্চনা-নিপীড়নের কথা অমোঘ 'জাদু-মার্ক্সীয়' শৈলীতে একেকটি প্রজ্জ্বলিত 'আক্ষরিক প্রতিবাদ’ হিসেবে ধরা দিয়েছে। ভিওলেতা পার্রার গিটারের অ্যাক্যুস্টিক হোলের মতো মনের ক্ষত থেকে শেষদিন গান বেরোয়নি ঠিকই, কিন্তু রোজ়া লুক্সেমবার্গের জুতোজোড়া পরে ঠিকই আরেকজন রোজ়া পতাকা তুলে নিয়েছেন তাঁর কাঁধে।¹³ পরিশেষে গ্যালেয়ানোর কথাতেই বলতে হয়: "Utopia is on the horizon. I walk two steps, she walks two steps away. I walk ten steps and the horizon run ten steps further. No matter how much I walk, I will never reach her. So what is utopia for? For that, she serves to walk."¹⁴
পাদটীকা:
¹ ঠান্ডা যুদ্ধকালীন নিরপেক্ষ দেশেরা, পরবর্তীকালে উন্নয়নমুখী দেশেরা। উদাঃ ভারত ও দঃপূ এশিয়া, লাতিন আমেরিকা, আফ্রিকা
² indigenous
³ সূত্র: "Víctor: An Unfinished Song" by Joan Jara
⁴ 1967 সালে সান্তিয়াগোর Universidad Técnica del Estado বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নির্মান করেন inti-illimani দলটি। নয়া-সঙ্গীত (Nueva cancion) আন্দোলনে লাতিন আমেরিকার সাংস্কৃতিক পিভোটাল রোল পালন করেছিল দলটি। ভিক্তর হারা, ভিওলেতা পার্রা সহ অনেকেই এই আন্দোলনে একসঙ্গে কাজ করেছেন। inti-illimani-র বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম "el pueblo unido jamas sera vencido"। যা আজও বিশ্বচরাচরে রাজনৈতিক ছাত্রপ্রতিরোধের আইকন।
⁵ সূত্র: সুনীল গঙ্গোপাধ্যায় 'জাদু বাস্তবতা ও মার্কেসের গল্প' প্রসঙ্গে জানিয়েছেন যে, মার্কেসের বেশ কিছু ছোটগল্পে হেমিংওয়ের প্রভাব পাওয়া দুষ্কর নয়। 'বিমানে এক ঘুমন্ত রূপসী"তে তিনি হেমিংওয়ের হোমাজ চিহ্নিত করেছেন।
⁶ সূত্র: মার্কেস The Paris Review (1981)তে সাক্ষাৎকারে স্বয়ং জানিয়েছেন যা সংশ্লিষ্ট পত্রের আর্কাইভে রয়েছে।
⁷ যথাক্রমে "ojos un pero azules" ও "Me alquilo para soñar", G.G. Marquez
⁸ "Un senor muy viejo con unas alas enormes", G.G.Marquez
⁹ সূত্র: "One Hundred Years of Solitude", G.G.Marquez
¹⁰ "Open Veins of Latin America"/"Las venas abiertas de América Latina", E.Galeano
¹¹ সূত্র: Monthly Review Press. “Back cover blurb.” Open Veins of Latin America: Five Centuries of the Pillage of a Continent, by Eduardo Galeano, translated by Cedric Belfrage, 25th Anniversary Edition, Monthly Review Press, 1997.
¹² সূত্র: Galeano, Eduardo. Walking Words. Translated by Mark Fried, W. W. Norton & Company, 1995. (Original Spanish: Palabras andantes, 1993).
¹³ সূত্র: CHILDREN OF THE DAYS: A history of Human Civilization by Eduardo Galeano Translated by: Suman Goswami, Beyond Horizon Publication, Alipurduar Court
¹⁴ সূত্র: Galeano, Eduardo. Walking Words. Translated by Mark Fried, W. W. Norton & Company, 1995. (Original Spanish edition: Palabras andantes, 1993)। গ্যালেয়ানো তাঁর বন্ধু সমসাময়িক উরুগুয়ের চলচ্চিত্র নির্মাতা ফের্নান্দো বির্রিকে এই ধারণার কৃতিত্ব দিয়ে থাকেন।


Comments
Post a Comment