অন্তঃশব্দ
– Swastik Mitra
জানালার পাশে রাখা চশমাটা
হঠাৎ ভিজে গেল—
ঘরে তো কোনও বৃষ্টি আসেনি,
তবুও কাঁচ ঝাপসা।
মনে হলো—
চোখ হয়তো ভিজেছিল আগে,
চশমা শুধু লুকিয়ে রেখেছিল জল।
টেবিলের উপর রাখা কলমের কালি
দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে—
শব্দেরা যেন ভয় পেয়েছে,
কাগজে নামতে চায় না।
তবুও রাত হলে
অক্ষরগুলো নিঃশব্দে নড়েচড়ে ওঠে,
কালি নেই, শুধু ব্যথা আছে—
সেই ব্যথাই লিখে ফেলে গল্প।
আমি তাকিয়ে থাকি—
কখনও চশমার কাঁচে,
কখনও কলমের শূন্যতায়।
ভেতরে একটা প্রশ্ন বারবার বাজে—
কোনটা বেশি অসহায়?
চোখের জল?
নাকি সাদা কাগজ?

Comments
Post a Comment